ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুহূর্তেই মোটরসাইকেল ‘গায়েব’ করতেন তারা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ৬ আগস্ট ২০২২
মুহূর্তেই মোটরসাইকেল ‘গায়েব’ করতেন তারা
গ্রেফতার চোর চক্রের সদস্যরা

ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি ও পুলিশ। এ সময় তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়। চক্রটির সদস্যরা নিমিষেই মোটরসাইকেল নিয়ে পালাতেন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ১৩ জুলাই দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার পশু হাসপাতাল রোডে নিজের বাসার নিচে মোটরসাইকেল রেখে দ্বিতীয় তলায় যান ব্যবসায়ী নাজমুল বারী পিপুল। মাত্র ১৫ মিনিটের মধ্যে মোটরসাইকেল নিয়ে যায় দুই ব্যক্তি। সিসিটিভির ফুটেজে সেই চুরির দৃশ্য ধরা পড়ে।

Advertisement

ওই চুরির মামলায় রবিন মিয়া নামে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তিনি জেলার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রামের বাসিন্দা। তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ৪ জুলাই গৌরীপুর থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ধাওয়া খেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে সেটি ফেলে পালিয়ে যান রবিন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল অঞ্চলে মোটরসাইকেল চুরি করেন রবিন। তাকে পাঁচদিনের রিমান্ডে চাওয়া হয়েছে।

এদিকে, ভালুকা ও গফরগাঁও এলাকা থেকে চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে ভালুকা উপজেলার ফায়ার সার্ভিসের সামনে ও গফরগাঁও থানার জন্মেজয় বিশ্বরোড মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- অন্তর মিয়া, মো. সুজন, মাহবুব আলম ও খোকন মিয়া। তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি জানায়, মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা হয়েছে। চক্রটি চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত।

ডিবির ওসি মো. সফিকুর রহমান বলেন, গ্রেফতাররা চুরির মোটরসাইকেলে এমনভাবে পরিবর্তন আনতো, মালিকের সামনে চালালেও বুঝতে পারতো না। সাতদিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!