স্কুলছাত্র শিহাব হত্যা মামলার ৪ আসামি কারাগারে
টাঙ্গাইলে স্কুলছাত্র শিহাব হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার বিকেলে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাসুদ পারভেজের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে বিচারক উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শোনার পর তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণকারী আসামিরা হলেন- মামলার ২নং আসামি বিপ্লব, ৩নং আসামি আশরাফ, ৪নং আসামি মাসুম এবং ৬নং আসামি বিজন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি পক্ষ উচ্চ আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। তবে উচ্চ আদালত তাদের জামিন মঞ্জুর না করে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে জামিন আবেদন করার জন্য নির্দেশনা দেন। বুধবার সেই নির্দেশনার শেষ দিন আসামি পক্ষ আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শোনার পর বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন মো. রাসেল রানা। অপরদিকে আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শরিফুল ইসলাম রিপন।
উল্লেখ্য, গত ২০ জুন শহরের সুপারি বাগান এলাকায় সৃষ্টি অ্যাকাডেমিক স্কুলের আবাসিক ভবনের সাততলা থেকে শিহাব মিয়ার লাশ উদ্ধার করা হয়। শুরু থেকেই শিশুটিকে হত্যার অভিযোগ তুলে আসছিল তার পরিবার। এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। পরে ২৭ জুন নিহত শিহাবের মা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় ছয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- সৃষ্টি অ্যাকাডেমিক স্কুলের আবাসিক শিক্ষক আবু বক্কর, বিপ্লব, আশরাফ, মাসুদ, মতিন ও বিজন।