৯৯৯-এ ফোন, মুক্ত বনে ফিরল অর্ধশতাধিক গোখরা
৯৯৯-এ ফোন পেয়ে ফরিদপুরে টেপাখোলা গরুর হাট এলাকা থেকে এক সাপুড়ের কাছ থেকে গোখরা সাপের অর্ধশতাধিক বাচ্চা উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে জেলার চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউপির হাজার বিঘা চর এলাকায় বন বিভাগে উদ্ধার হওয়া বাচ্চাগুলোকে অবমুক্ত করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে এগুলোকে উদ্ধার করা হয়।
চরভদ্রাসন উপজেলা ফরেস্টার মো. মোতালেব মিয়া, ফরিদপুর বন বিভাগের কর্মী আব্দুর রাজ্জাক ও চরভদ্রাসনের বন বিভাগের কর্মী জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে সাপের বাচ্চাগুলো অ্যালুমিনিয়ামের একটি গামলায় করে শহরের টেপাখোলা গরুর হাট এলাকায় টাকা তুলছিলেন ফরিদপুর সদরের চাঁদপুর ইউপির চাঁদপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোক্তার খানের ছেলে ইমরান খান। পরে বিষয়টি দেখে এলাকার এক তরুণ ৯৯৯-এ ফোন করে জানান। বন বিভাগের কর্মকর্তারা গিয়ে সেগুলো উদ্ধার করেন।
.png)
ইমরান খান জানান, তার পারিবারিক পেশা সাপুড়ে। সামনে মনসাপূজা। এ পূজার শিন্নি দেওয়ার জন্য বিভিন্নজনের কাছ থেকে টাকা তুলতে হয়। এ জন্য তিনি সাপের এ বাচ্চা দেখিয়ে টাকা তুলছিলেন। কয়েক দিন আগে চাঁদপুর গ্রামে একটি বাড়ির গর্ত থেকে এ সাপের বাচ্চাগুলো সংগ্রহ করেন বলে জানান।
ফরিদপুর বন বিভাগের ফরেস্টার জাহিদুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে বন বিভাগের ঢাকার আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে সাপের বাচ্চাগুলো উদ্ধারের কথা জানানো হয়। পরে ঢাকা থেকে ফরিদপুর বন বিভাগকে এ বিষয়টি জানায় ঢাকার বন্য প্রাণী ইউনিট। পরে টেপাখোলা গরু হাটে গিয়ে সাপের ওই বাচ্চাগুলো উদ্ধার করা হয়। গোখরা সাপের বাচ্চাগুলোর সংখ্যা ৪৫ থেকে ৫০ হবে। প্রতিটি বাচ্চার দৈর্ঘ্য ১২ থেকে ১৪ ইঞ্চি। তবে এ বাচ্চাগুলোর বয়স কত দিনের হবে, তা তিনি বলতে পারেননি।