ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঘ আতঙ্ক: সন্ধ্যা নামতেই সুনসান পূর্বাচল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০, ১৩ আগস্ট ২০২২
বাঘ আতঙ্ক: সন্ধ্যা নামতেই সুনসান পূর্বাচল
পূর্বাচলে বাঘ আতঙ্ক

রাতের আঁধারে ধারণ করা দুটি প্রাণীর ভিডিও গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। এলাকার মানুষ এখন জরুরি প্রয়োজনে লাঠিসোঁটা নিয়েও চলাচল করছেন। এরইমধ্যে বাঘের আক্রমণে গবাদি পশু মারা যাওয়ার গুজবও ছড়িয়ে পড়ছে ফেসবুকে।

ঘটনাটি গত ৯ আগস্ট রাতের। রাজধানীর অদূরে রাজউক পূর্বাচলের ২৫ নম্বর সেক্টরে পিচঢালা সড়কে যাতায়াত করছেন স্থানীয়রা। হঠাৎ সড়কে দেখা মেলে বাঘ শাবকের মতো দুটি প্রাণীর। কিছুক্ষণ পর প্রাণী দুটি পাশের জঙ্গলে চলে যায়। অনেকে প্রাণী দুটিকে ‘বাঘ শাবক’ দাবি করে প্রচারণা চালালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বন বিভাগ বলছে, এগুলো বাঘ নয়, মেছো বিড়াল। আতঙ্কের কোনো কারণ নেই।

স্থানীয়রা জানান, পূর্বাচলের ২৪ ও ২৫ নম্বর সেক্টরের বড় একটি অংশ বনবিভাগের জমি। পূর্বাচলের সৌন্দর্য রক্ষায় সেখানে বসতির পরিবর্তে রাখা হয়েছে বনায়ন। গজারি বনের এ এলাকায় অন্যান্য প্রাণীর অভয়ারণ্য থাকলেও এই প্রথম চোখে পড়ল এমন প্রাণী।

Advertisement

প্রত্যক্ষদর্শী আব্দুল মতিন বলেন, বাঘ শাবকের মতো দেখতে প্রাণী দুটি ১০-১৫ মিনিট সড়কে বসেছিল। গাড়ির হেড লাইট আলো ও হর্নের শব্দে তারা জঙ্গলে চলে যায়। এর আগেও গজারি বনে বাঘ দেখা গেছে। অনেকের গরু-ছাগল বনে যাওয়ার পর আর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, আমরা বাঘ আতঙ্কে আছি। আগে দোকান রাত ৯টা পর্যন্ত খোলা থাকত। এখন সন্ধ্যা নামতেই দোকান বন্ধ করতে হয়। শিশুরাও রাস্তায় বের হতে ভয় পাচ্ছে। জরুরি প্রয়োজনে কেউ বের হলেও হাতে লাঠি ও টর্চ লাইট নিয়ে বের হন।সন্ধ্যা হলেই সুনসান নীরব হয়ে যায় পূর্বাচল।

রূপগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিগান মোল্লা বলেন, আপাতদৃষ্টিতে ওগুলোকে চিতা বাঘ বলে মনে হচ্ছে। ওই এলাকা আগে বনভূমি ছিল, পূর্বাচল গেটের পরের এলাকায় জনবসতি হওয়ায় হয়তো ওরা বাইরের দিকে এসেছে। ওরা যদি কাউকে আঁচড় দেয় তাহলে ভ্যাকসিন নিতে হবে।

তবে শুক্রবার সন্ধ্যায় বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, এগুলো চিতা বাঘ নয়, মেছো বিড়াল। এ বিড়ালের শরীরে বাঘের মতোই ডোরাকাটা দাগ থাকে। অনেকেই হয়তো ভুল করে বাঘ বলছেন। 

তিনি আরো বলেন, আমরা ওই এলাকায় টিম পাঠাব। স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টি করব। বন্যপ্রাণী রক্ষায় পদক্ষেপ নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!