বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল ৪টা শহরের খুরুশকুল মোহনা ও সন্ধ্যা ৭টার দিকে শহরের সোনাদিয়া চ্যানেল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস জানান, খুরুশকুল মোহনা থেকে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে কক্সবাজার সদরের খুরুশকুলের জাকের হোসেনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারটি ডুবে যায়। পরে তল্লাশি চালিয়ে ওই দিনই ট্রলারের ১৯ জন জেলের মধ্যে আটজনকে উদ্ধার করে কোস্টগার্ড। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখেন তারা।
শুক্রবার সন্ধ্যার পর থেকে বিচ্ছিন্নভাবে ছয় জেলেকে উদ্ধার করা হয়। এর মধ্যে নিখোঁজ পাঁচজনের মধ্যে শনিবার বিকেলে খুরুশকুল চ্যানেলে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয়। নিখোঁজ চার জেলেকে উদ্ধারে এখনো তল্লাশি চালানো হচ্ছে।
.png)
কোস্টগার্ড পূর্বজোনের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম বলেন, সোনাদিয়া চ্যানেল থেকে সাইফুল নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ পাঁচ জেলের মধ্যে এ পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের কাজ চলছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গোপসাগরে কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে ১৯ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা আটজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকেন ১১ জেলে। এর মধ্যে শুক্রবার সন্ধ্যার পর থেকে বিচ্ছিন্নভাবে ছয়জনজনকে উদ্ধার করা হয়। বাকিদের মধ্যে শনিবার দুজনের মরদেহ উদ্ধার করা হয়।