কক্সবাজারে ট্রলারডুবির ঘটনায় আরো ৩ জেলের মরদেহ উদ্ধার
কক্সবাজারের নাজিরারটেক মোহনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরো তিন জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ আগস্ট) বিকেল থেকে (২১ আগস্ট) রোববার বেলা ১১টা পর্যন্ত পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে খুরুশকুল থেকে ভাসমান অবস্থায় দুইজনের এবং মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার এসআই মো. আমজাদুর রহমান।
মৃত জেলেরা হলেন- সদর উপজেলার খুরুশকুল মামুনপাড়া এলাকার আজিজুল হক, পূর্ব হামজার ডেইল এলাকার হোছেন আহমেদ ও নুরুল আবছার।
.png)
পুলিশ জানায়, বঙ্গোপসাগরের খুরুশকুল মোহনায় দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে মরদেহ দুটি উদ্ধার করে খুরুশকুলের ঘাটে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া মরদেহ ডুবে যাওয়া একই ট্রলারের দুই জেলে বলে শনাক্ত করেছে পরিবার। মরদেহ দুটি পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী পদক্ষেপ নেয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে সকালের দিকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে নুরুল আবছার নামের আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে, শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ হন। এ সময় ট্রলারে থাকা ১৯ জন জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি জেলেদের উদ্ধারে তখন থেকে কোস্টগার্ড সদস্য ও জেলেরা উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখেন। এরমধ্যে শুক্রবার সন্ধ্যার পর থেকে বিচ্ছিন্নভাবে ছয় জেলেকে উদ্ধার করা হয়। নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সবার মরদেহ উদ্ধার করা হয়।