জলদস্যুদের ভয়ে নদীতে ঝাঁপ, জালে জড়িয়ে প্রাণ গেল চাচা-ভাতিজার
ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচরে মাছ ধরার সময় জলদস্যুদের ভয়ে মেঘনা নদীতে লাফিয়ে পড়ে চাচা-ভাতিজা দুই জেলে মারা গেছেন। শনিবার রাতে মেঘনার ঢালচর ইউপির বয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জেলেরা হলেন শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউপির চর ফকিরা গ্রামের কিশোর জেলে রাব্বি ও মিজান মাঝি। নিহত মিজানের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ দুটি শিশুকন্যা রয়েছে।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান জানান, ছয় জেলে নিয়ে গতকাল শনিবার রাতে মেঘনার ঢালচর ইউপির বয়ার চর এলাকায় মিজান মাঝি ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরছিলেন। এ সময় নিকটবর্তী একটি ট্রলারে জলদস্যুদের দেখতে পেয়ে আত্মরক্ষার জন্য ওই নৌকার ১৫ বছর বয়সী কিশোর জেলে রাব্বি নদীতে ঝাঁপিয়ে পড়ে।
এ সময় তাকে বাঁচাতে চাচা মিজান মাঝিও সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। কিন্তু তারা জালে জড়িয়ে পড়লে আর ওপরে উঠে আসতে পারেননি। পরে অন্য জেলেরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
ভোলার এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহত জেলেদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। ট্রলারে জলদস্যুরা ছিল কি না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।