প্রাইভেটে যাওয়ার সময় স্কুলছাত্রীর শ্লীলতাহানি
নেত্রকোণার মদনে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে সঞ্জিব নমদাস (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার কাইটাইল ইউনিয়নের দশআশি গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
মেয়েটি উপজেলার বাঁশরী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। সঞ্জিব নমদাস ওই গ্রামের সন্তোস নমদাসের ছেলে।
স্কুলছাত্রীর বাবা বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট বিচার চাইলে বৃহস্পতিবার সালিশি বৈঠকের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু অভিযুক্ত সঞ্জিব নমদাস ঘটনার পর থেকে পালিয়ে যাওয়ার বিষয়টির কোনো সুরাহা হয়নি।
স্থানীয় লোকজন ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সঞ্জিব নমদাস উপজেলার কাইটাল ইউনিয়নের দশআষি গ্রামের বাসিন্দা। স্কুলছাত্রী প্রাইভেট পড়ার জন্য বুধবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে কিছুদূর যেতেই বখাটে সঞ্জিব ওই মেয়েটিকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় মেয়েটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সঞ্জিব পালিয়ে যায়। ঘটনাটি কাউকে না জানাতে বখাটে সঞ্জিব স্কুলছাত্রী ও তার পরিবারকে হুমকি দেয়।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি বুধবার সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হই। হঠাৎ সঞ্জিব পেছন থেকে এসে আমাকে জাপটে ধরে কু-প্রস্তাব দিয়ে আমাকে টানাটানি করতে থাকলে চিৎকার শুরু করি। পরে লোকজন চলে আসলে সঞ্জিব পালিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, মেয়েটি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী। বিচার পাওয়ার জন্য মেয়েটি ও তার পরিবার আমার কাছে আসে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে জরুরি সভা করেছি। এতে অভিযুক্ত সঞ্জিবকে ডাকা হয়েছিল। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে কেউ আসেনি। বিষয়টি আজই ইউএনও ও ওসিকে জানানো হবে।
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।