ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

চলন্ত বাসে ছাত্রী শ্লীলতাহানি: চালক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১২, ২৮ জুলাই ২০২২
চলন্ত বাসে ছাত্রী শ্লীলতাহানি: চালক রিমান্ডে
গ্রেফতার বাসচালক মাহবুবুর রহমান

রাজধানীতে বিকাশ পরিবহনের একটি চলন্ত বাসে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চালক মো. মাহবুবুর রহমানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আজিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আছিবুজ্জামান আসিফ। অপর দিকে আসামি পক্ষের আইনজীবী নুরনবী তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল বুধবার রাজধানীর তুরাগ থানার বালুর মাঠ থেকে তাকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ।

আরো পড়ুন> রাজধানীতে চলন্ত বাসে ঘুম, সুযোগে ছাত্রীর বিশেষ অঙ্গে হাত, পরে জোরাজুরি

Advertisement

মামলার সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই ভুক্তভোগী ঐ ছাত্রী রাত ৮টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি থেকে আজিমপুর যাওয়ার উদ্দেশ্যে বিকাশ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে উঠে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে এক পর্যায়ে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। পরে রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে ভুক্তভোগী অনুভব করেন, তার শরীরে কেউ যেন হাত দিয়েছে। তাৎক্ষণিক তিনি তাকিয়ে দেখেন বাসে কোনো যাত্রী নেই এবং তার পাশের সিটে বাসটির হেলপার বসা। তখন ঐ ছাত্রী বিপদ আঁচ করতে পেরে বাসের হেলপারকে তার পাশ থেকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেন। তখন ভুক্তভোগী সিট থেকে দাঁড়িয়ে নামার চেষ্টা করলে হেলপার তাকে পেছন থেকে এক হাতে মুখ চেপে ধরেন। ঐ ছাত্রী নিজেকে বাঁচানোর জন্য সর্বশক্তি দিয়ে হেলপারের কাছ থেকে ছুটে চালককে চিৎকার করে বাস থামাতে বলেন। কিন্তু চালক তখন বাস না থামিয়ে দ্রুতগতিতে ইডেন কলেজের সামনে দিয়ে আজিমপুরের দিকে যেতে থাকেন। এক পর্যায়ে আজিমপুর গার্লস স্কুলের কাছে বাসটি কিছুটা গতি কমালে ঐ ছাত্রী লাফ দিয়ে বাস থেকে নেমে আত্মরক্ষা করেন। 

ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি ফেসবুকে শেয়ার করে একটি পোস্ট দেন। এরপর লালবাগ থানা পুলিশ প্রাথমিক অনুসন্ধান করে ভুক্তভোগীকে চিহ্নিত করে তথ্য সংগ্ৰহ করে। তাৎক্ষণিক সিসি ফুটেজ পর্যালোচনা ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে বিকাশ পরিবহনের বাসটি শনাক্ত করা হয়। এ ঘটনায় রাজধানীর লালবাগ থানায় একটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!