সাইড না দেওয়ায় কাভার্ডভ্যানচালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১
একটি ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি সেকেন্দার আলীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সেকেন্দার দিনাজপুরের পশ্চিম দফতরী পাড়া এলাকার মোছলেম উদ্দিনের ছেলে।
র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহামুদ বশিল আহামেদ বৃহস্পতিবার দুপুরে জানান, চলতি বছরের ২০ জুন দিনাজপুরের বিরল উপজেলার ধুকুরঝারী পিপল্যা নামক এলাকায় মোটরসাইকেলকে সাইড না দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেলের আরোহীদের হাতে খুন কাভার্ডভ্যান চালক গোলাম মোস্তফা।
.png)
তিনি জানান, মোটরসাইকেলকে সাইট না দেওয়ায় মোইরসাইকেলের চালকের সঙ্গে থাকা আরো তিনটি মোটরসাইকেলসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন কাভার্ডভ্যানকে ধাওয়া করে। এরপর একটি মোটরসাইকেল কাভার্ডভ্যানটির সামনে গিয়ে গতিরোধ করে আটক করে। কাভার্ডভ্যান থেকে চালক গোলাম মোস্তফাকে টেনে নামিয়ে অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে অজ্ঞাতনামা আসামিদের মধ্যে একজন ধারালো ছুরি দিয়ে চালক মোস্তফাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ঘটনার পরদিন থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপন করেন।
ঘটনার তদন্ত শুরু করলে র্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোরে র্যাব-২ এর সহযোগিতায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ক্লুলেস এই হত্যার মামলার প্রধান আসামি সেকেন্দারকে গ্রেফতার করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও র্যাব জানায়।