ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিমানবন্দরে ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক
বেনাপোল কাস্টমস হাউজের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে ঘুষের ২৫ লাখ টাকাসহ বিমানবন্দরে আটক করা হয়েছে। ওই কর্মকর্তার নাম খন্দকার মুকুল হোসেন।
অভিযানের সময় পালিয়ে যান অপর এক সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম (এ আরও)। তিনি পুলিশ ডিপার্টমেন্ট থেকে কাস্টমস হাউজে যোগাদান করেন।
আটক রাজস্ব কর্মকর্তা মুকুল হোসেনের বাড়ি টাঙ্গাইলে।
একটি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ আগস্ট) সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন মুকুল হোসেন। তার টাকা পাচারের তথ্য পেয়ে বিমানবন্দরে আগে থেকেই তার অপেক্ষায় থাকেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউসের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, শুক্রবার সকালে মুকুল হোসেন ঢাকার উদ্দেশে যাওয়ার জন্য যশোর বিমানবন্দরে আসেন। সেখান থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা তার। কিন্তু ওই গোয়েন্দা সংস্থার সদস্যরা আগে থেকেই টাকা পাচারের খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেন। মুকুল বিমানবন্দরে আসার পর তাকে ২৫ লাখ টাকাসহ আটক করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মুকুলকে ঢাকায় নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, ঢাকায় জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (২৭ আগস্ট) মুকুলকে বেনাপোল কাস্টমস হাউসে হস্তান্তর করা হবে।
আটক মুকুল স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন যাবত ঘুষের টাকা বিমানযোগে ঢাকায় নিয়ে আসতেন। এরআগে বেনাপোল কাস্টমস হাউসে জোর করে ব্যবসায়ীদের কাছ থেকে ফাইল আটকে রেখে ইচ্ছামত ঘুষের টাকা আদায় করে আসছিলেন।
আটক রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলেও জানান এই কাস্টমস কর্মকর্তা।