লাশের গলায় ছিল দড়ি, মাটিতে পা
বগুড়ার কাহালুতে বাঁশবাগানে মকবুল হোসেন নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের।
শনিবার ভোরে উপজেলার কালাই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ৯০ বছর বয়সী মকবুল একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি মকবুল। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। শনিবার ভোরে গ্রামের একটি বাঁশবাগানে মকবুলের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।
.png)
কাহালু থানার ওসি মো. আমবার হোসেন জানান, বাঁশবাগানে অন্য একটি গাছের সঙ্গে মকবুলের গলায় দড়ি পেঁচানো থাকলেও পা ছিল মাটিতে। তার লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরো জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।