বিদ্যুৎস্পৃষ্টে বাবা বেঁচে গেলেও প্রাণ হারালেন ছেলে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সৃজন মোল্লা নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামে এ ঘটনা ঘটে। সৃজন একই গ্রামের বাহার মোল্লার ছেলে। আহতের নাম এমরান হোসেন। তার বাড়িও একই এলাকায়।
স্থানীয়রা জানায়, সকালে অটোরিকশা মেরামত করতে গ্রামের একটি ওয়ার্কশপে যান সৃজন। সেখানে কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে এমরানও আহত হন। পরে স্থানীয়রা সৃজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
প্রতিবেশী মো. বাবলু বলেন, ছয় মাস আগে বিয়ে করেন সৃজন। প্রায় ১০ বছর আগে বিদ্যুৎস্পৃষ্টে অকেজো হয়ে পড়েছেন তার বাবা বাহার। এজন্য সংসারের খবর জোগাতে সৃজন একটি অটোরিকশা কেনেন। এরই মধ্যে বিদেশে যাওয়ার জন্যও অনেক চেষ্টা করছিলেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।