নদীতে ডাকাতের হামলা, প্রাণ গেল জেলের সহকারীর
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় হাসান নামে ১২ বছর বয়সী এক জেলের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাতব্বরহাট মাছ ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় পাঠায় নৌ-পুলিশ।
এর আগে চর গজারিয়ার নদীর পাড় থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসান রামগতি উপজেলার আলেকজান্ডার সবুজগ্রাম এলাকার সিরাজ মিয়ার ছেলে।
.png)
আহতরা হলেন- নিহতরে বড় ভাই মিরাজ, জেলে নজু বয়াতি, জিহাদ, আল আমিন ও জাহিদ।
নিহতের ভাই মিরাজ জানান, বৃহস্পতিবার বিকেলে মাতব্বরহাট মাছঘাটের দেলোয়ার মাঝি ও বশির মাঝির নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান জেলেরা। মাঝ নদীতে যেতেই তাদের ওপর হামলা চালায় ডাকাতদল। ডাকাতদের দায়ের কোপে গুরুতর আহত হন তার ভাই হাসান। একপর্যায়ে নদীতে ডুবে হাসান মারা যান।
মজু চৌধুরীরহাট নৌ-পুলিশের ইনচার্জ মো. আবু তাহের বলেন, শুক্রবার সকালে চর গজারিয়ার নদীর পাড়ে মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে মরদেহটি উদ্ধার করে সন্ধ্যায় থানায় হস্তান্তর করে পুলিশ। আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।