ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে আমন ফলনে কৃষকের মুখে হাসি

ইউনুছ আলী আনন্দ, কুড়িগ্রাম 
প্রকাশিত: ২০:১২, ৪ নভেম্বর ২০২২
কুড়িগ্রামে আমন ফলনে কৃষকের মুখে হাসি
ছবি ডেইলি বাংলাদেশ

আবহাওয়া অনুকূলে থাকায় কুড়িগ্রামের নয়টি উপজেলায় এবার আমনের ফলন বাম্পার হয়েছে। ধানের মূল্য বৃদ্ধিতে কৃষকের মুখে নতুন করে হাসি দেখা গেছে। বর্তমান এখানে ধানের বাজার প্রতিমণ ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এ মূল্যের আলোকে নতুন আমন ধান উৎপাদনের শুরুতেই ৮০০ টাকায় প্রতিমণ বিক্রি হবে বলে কৃষকরা আশা করছেন।

এবার কুড়িগ্রামের নয়টি উপজেলায় আমন চাষের অর্জিত লক্ষমাত্রা ছিল ১ লাখ ১৯ হাজার ৯৬৫ হেক্টর জমি। এরমধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ১২ হাজার ৪৪০ হেক্টর, উলিপুর উপজেলায় ২৪ হাজার ৪৫০ হেক্টর, চিলমারী উপজেলায় ৮ হাজার ১৫০ হেক্টর, রৌমারী উপজেলায় ৮ হাজার ২২৫ হেক্টর, রাজীবপুর উপজেলায় ২ হাজার ৩৩০ হেক্টর, নাগেশ্বরী উপজেলায় ২৪ হাজার ৩৫০ হেক্টর, ভূরুঙ্গামারী উপজেলায় ১৬ হাজার ৮৫৩ হেক্টর, ফুলবাড়ী উপজেলায় ১১ হাজার ৩৫২ হেক্টর  ও রাজারহাট উপজেলায় ১১ হাজার ৫১১ হেক্টর জমিতে আমন চাষ হয়।

এখানে হাইব্রিড ও উফশী আগাম জাতের ধানাকাটা মাড়াই শুরু হয়েছে। এরমধ্যে ব্রি-৭৫ জাতের আমন ধান কাটা মাড়াইয়ের ধুম পড়েছে। হাইব্রিড ও উফশী আগাম জাতের প্রায় ৩ হাজার ৪৫০ হেক্টর জমির ধান কাটা মাড়াই হয়েছে বলে জানায় কুড়িগ্রাম কৃষি বিভাগ। 

Advertisement

স্থানীয় কুটিচন্দ্রখানা এলাকার কুষক কৃষক সাইফুল ইসলাম জানান, এবার কুড়িগ্রামে আমনের ফসল বেশ ভালোই হয়েছে। মাঝে মাঝে বৃষ্টি ও রোদের মাঝে ধান গাছের রং-চেহারা ভালো হয়েছে। তিনি প্রায় আড়াই বিঘা জমিতে আমন চাষ করেছেন।

তিনি আরো জানান, তিনি বিঘা প্রতি প্রায় ১৬ থেকে ১৮ মণ ধান উৎপাদন হবে বলে তিনি ধারণা করছেন। এসব ধান নতুন অবস্থায় মনপ্রতি ৮০০ টাকা বিক্রি হবে বলেও তার প্রত্যাশা।

এ ব্যাপারে কুড়িগ্রাম কৃষি সম্প্রাসারণ অধিদফতর খামারবাড়ীর উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন ডেইলি বাংলাদেশকে জানান, এবার কুড়িগ্রামে আমন ধানের উপর বন্যার আঘাত না আসায় চাষের লক্ষমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে আমন চাষ হয়েছে। কুড়িগ্রামের নয়টি উপজেলায় ১ লাখ ১৯ হাজার ৯৬৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। 

তিনি আরো জানান, হাইব্রিড ও উফশী আগাম জাতের প্রায় ৩ হাজার ৪৫০ হেক্টর জমির আমন ধান কাটা মাড়াই হয়েছে। এখানে পুরোদমে আমন ধান কাটা ও মাড়াই এক মাসের মধ্যে শুরু হবে। আমনের ভালো ফলন অনুযায়ী এখানে হেক্টর প্রতি ৪.০৫ মেট্রিকটন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!