মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
আদালতের পিপি জসিম উদ্দিন জানান, যুবলীগ নেতা আবদুল হান্নান সুমন হত্যায় ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে হানিফ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় ৬ জনকে খালাস ও এক আসামি মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
.png)
সুমন হত্যায় সাজাপ্রাপ্তরা হলেন- কাউছার, খোরশেদ আলম, সোহেল রানা, সোহাগ, রাব্বী ও কালা শাহাদাত। হানিফ হত্যায় সাজাপ্রাপ্তরা হলেন- দিদার হোসেন ও ফারুক হোসেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৬ ডিসেম্বর ছেলে সাইফ হান্নানকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন সুমন। পথে আসামিরা তার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ৮ ডিসেম্বর নিহতের মা সুফিয়া বেগম সদর মডেল থানায় মামলা করেন। ২০১৬ সালের ২৩ আগস্ট তদন্ত কর্মকর্তা ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
আরো জানা গেছে, চাঁদার দাবিতে ২০১৫ সালের ৭ এপ্রিল সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে হানিফকে গুলি করে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ১৫ মে হানিফের বোন মনোয়ারা বেগম চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। ২০১৬ সালের ২৭ মার্চ তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।