ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে জেএমবির ৩ সদস্যের যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ৭ নভেম্বর ২০২২
লালমনিরহাটে জেএমবির ৩ সদস্যের যাবজ্জীবন
ফাইল ছবি

লালমনিরহাটে জেএমবির ছয় সদস্যকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন। 

একই আদালত ওই ছয় আসামির মধ্যে তিনজনকে অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। 

সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্যরা হলেন- পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের টেপুরগাড়ী এলাকার আজিজার রহমান মাস্টারের ছেলে ফজলে রাব্বী, একই এলাকার নুর ইসলামের ছেলে সোহেল রানা, পাটগ্রাম পৌরসভার সাহেবডাঙা এলাকার খাদেম শাহের আলীর ছেলে মো. সাহিন, একই এলাকার আলাউদ্দিন মুন্সীর ছেলে শাহ আলম, জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ মুশরত মদাতী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে হাসান মাসুদ ও একই এলাকার কুড়িবিশ্বাস মাঠিয়ালপাড়া এলাকার এরশাদুল হকের ছেলে গোলাম রব্বী। এছাড়া একই মামলায় অস্ত্র আইনে ফজলে রাব্বী, মো. সাহিন ও হাসান মাসুদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

আলোচিত এ মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন আজাহারুল ইসলাম ও শফিকুল ইসলাম আলাল। তাদের কারাগার হতে মুক্তি পেতে কোনো বাধা নেই বলেও আদেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২ আগস্ট রংপুর র‌্যাব-১৩ এর একটি দল পাটগ্রাম পৌরসভার পোস্ট অফিসপাড়া এলাকার এমএম প্লাজা মার্কেটের ‘ডায়না ফ্যাশন টেইলার্স’ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, গুলি, বিভিন্ন নামে ২৪টি জিহাদি বইসহ ফজলে রাব্বী, মো. সাহিন, হাসান মাসুদ, শাহ আলম, সোহেল রানা, গোলাম রব্বানী, আজাহারুল ইসলাম ও শফিকুল ইসলাম আলালকে গ্রেফতার করে। রংপুর র‌্যাবে কর্মরত এসআই আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করেন এবং আসামিদের পাটগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আদালতের পিপি অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, জেএমবি সদস্য ফজলে রাব্বী, শাহিন, হাসান মাসুদ, শাহ আলম, সোহেল রানা ও গোলাম রাব্বীকে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ জরিমানা, অনাদায়ে প্রত্যেককে উক্ত অপরাধে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই ঘটনায় অস্ত্র আইনে হাসান মাসুদ, ফজলে রাব্বী ও মো. সাহিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!