ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৬, ১ নভেম্বর ২০২২
স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন 
স্কুলছাত্র মেহেদী হাসান- ফাইল ফটো

রাজধানীর পল্লবীতে স্কুলছাত্র মেহেদী হাসান হত্যা মামলায় 8 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) ফারুকুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফয়সাল, আশিক, রাসেল, ওলি, সাদ্দাম, রাব্বি ওরফে ছটু মিয়া, ইমরান ও রাশিদ। এ ছাড়া বয়স বিবেচনায় আসামি নান্নু ও শাহিনুরকে খালাস দিয়েছেন আদালত।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, মেহেদী হাসানের বাবা হাজী মো. মোশারফ হোসেন ঢালী পল্লবীর নিউ সোসাইটি মার্কেটে থান কাপড়ের ব্যবসা করতেন। আসামি নান্নু ও শাহিনুর এলাকার মাদক ব্যবসায়ী। তাদের বাসার পাশেই মোশারফ হোসেনের বাসা। স্থানীয় লোকজনসহ তিনি মাদক ব্যবসার প্রতিবাদ করেন।

২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওলি মোশারফ হোসেনের একমাত্র ছেলে মেহেদী হাসানকে ডেকে পাশের একটি ভবনে নিয়ে যায়। তার ভাগ্নে অনিক ঘটনাটি দেখতে পেয়ে সবাইকে জানায়। সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, মেহেদী অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছে। চিকিৎসার জন্য তাকে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোশারফ হোসেন পল্লবী থানায় মামলাটি করেন। মামলাটি তদন্ত করেন ২০১৭ সালের ১২ জুন ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন সিআইডির পরিদর্শক মোকছেদুর রহমান।

বিচার চলাকালে আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!