ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধামইরহাটে মানবপাচার চক্রের হোতা বাবা-ছেলে গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ১০ নভেম্বর ২০২২
ধামইরহাটে মানবপাচার চক্রের হোতা বাবা-ছেলে গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেয়া নওগাঁর ধামইরহাটের মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ভোরে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজার এলাকা থেকে এ চক্রের হোতা বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ধামইরহাট থানার চকভবানী গ্রামের ছহির উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ এবং তার ছেলে আবুল হাসনাত।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়- ধামইরহাট থানার চকভবানী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আবুল হায়াত একজন সৌদি প্রবাসী। আবুল হায়াতকে ব্যবহার করে তার বাবা আবুল কালাম আজাদ ও ভাই আবুল হাসনাত বিদেশে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তাদের পাশের গ্রামের অহিদুল ইসলাম নামে এক যুবককে উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে বিদেশে পাঠানোর নামে চার লাখ ৮০ হাজার টাকা নেন। পরে অহিদুল ইসলামকে তারা ট্যুরিস্ট ভিসায় সৌদিতে পাঠান।

Advertisement

সৌদি আরবে যাওয়ার পর ভুক্তভোগী অহিদুল ইসলামকে একটি অফিসে নিয়ে যাওয়া হয়। যেখানে একটি স্টোর রুমে প্রায় দুই শতাধিক মানুষ দেখেন অহিদুল। পরে তিনি জানতে পারেন ভুয়া একটি কোম্পানির মাধ্যমে পাচার হয়ে বিদেশে এসেছেন এবং তারা তাকে ট্যুরিস্ট ভিসায় নিয়ে এসেছে। ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তিনি সৌদি পুলিশের ভয়ে দীর্ঘদিন পালিয়ে ছিলেন। অবশেষে সেখানে পুলিশের হাতে গ্রেফতার হয়ে ২০ দিন কারাভোগ শেষে সৌদি সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠায়।

এতে ভুক্তভোগী অহিদুল অর্থনৈতিক, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ ব্যাপারে ভুক্তভোগী অহিদুল অভিযুক্তদের বিরুদ্ধে র‌্যাব ক্যাম্প জয়পুরহাটে একটি অভিযোগ করেন। অভিযোগের পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। পরে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার ফতেপুর বাজার এলাকা থেকে আবুল কালাম আজাদ এবং তার ছেলে আবুল হাসনাত গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ট্যুরিস্ট ভিসা, একটি পাসপোর্ট ও সৌদি কারাগারের মুক্তিপত্র উদ্ধার করা হয়।

ধামইরহাট থানার ওসি কাজী মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী অহিদুল ইসলাম বাদী হয়ে মানবপাচার আইনে দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!