ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দেড় মাসের মাথায় স্বামী-স্ত্রীর প্রাণ গেল বিদ্যুৎস্পৃষ্টে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ১০ নভেম্বর ২০২২
বিয়ের দেড় মাসের মাথায় স্বামী-স্ত্রীর প্রাণ গেল বিদ্যুৎস্পৃষ্টে
ইসমাইল ও তার স্ত্রী কাজল

ঢাকার কেরানীগঞ্জে বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন আঁটিবাজার সুজন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকার মোহাম্মদ আলীর ছেলে ২০ বছর বয়সী ইসমাইল বিন আলী ও তার স্ত্রী ১৮ বছরের নাসরিন আক্তার কাজল। নাসরিন একই এলাকার মো. জামালের মেয়ে।

স্থানীয়রা জানায়, কেরানীগঞ্জের আগানগর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন ইসমাইল। পরিবার নিয়ে আঁটিবাজারের সুজন হাউজিংয়ের ৯ নম্বর রোড এলাকায় ব্লক বি-র চারতলা একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে ইসমাইল ও নাসরিনের বিয়ে হয়।

Advertisement

ইসমাইলের বাবা মোহাম্মদ আলী বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে আঁটিবাজার থেকে বাসায় ফেরার পর ভবনের প্রধান ফটকে তালাবদ্ধ দেখতে পাই। পরে চতুর্থ তলার জানালা দিয়ে নিচে চাবি ফেলেন ইসমাইল। কিন্তু চাবিটি বাড়ির সঙ্গে থাকা বিদ্যুতের তারে আটকে যায়। একপর্যায়ে ছেলেটি বাসায় থাকা এসএস পাইপ দিয়ে তারে আটকে থাকা চাবিতে নাড়া দেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন ইসমাইল।

স্বামীকে বাঁচাতে গিয়ে নাসরিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর কক্ষে গিয়ে ছেলে ও পুত্রবধূকে মেঝেতে পড়ে থাকতে দেখি। তাৎক্ষণিক প্রতিবেশীদের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, কোনো ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!