নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
নরসিংদীর রায়পুরায় দুই যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।
মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নিলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘিরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাসের ছেলে সানন্দ দাস, একই উপজেলার চৌড়াগুদা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো. রেনু মিয়া এবং চৌরাগুধা গ্রামের কালাম মিয়ার ছেলে মো. কামাল মিয়া।
.png)
আহতরা হলেন- মিনি ট্রাকচালক আবদুল জলিল, সহকারী মো মাহমুদ আলী ধর্মতীর্থ গ্রামের কেশব দাশ, সুধাংশো দাশ, সবুজ মিয়া। তারা সকলে একই উপজেলার পেশায় মৎস্য ব্যবসায়ী।
হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে রায়পুরার নীলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাসের চাকা পাংচার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কিশোরগঞ্জের ভৈরবমুখী একটি যাত্রীবাহী বাস বিআরটিসিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলাগামী একটি মাছ-ভর্তি একটি ট্রাক বাস দুটিকে ধাক্কা দেয়। এতে দুই বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হয়েছেন।
এদিকে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে আহত ১০ জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক জানান, মরদেহ এখনো ভৈরব হাইওয়ে থানায় আছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।