পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় বন্যা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮টার দিকে পুঠিয়া উপজেলার ডাঙাপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত বন্যা একই গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী।
ঐ গৃহবধূর মৃত্যু নিয়ে প্রতিবেশীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, সোমবার রাতে ঐ গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। গলায় রশি দিয়ে ঘরের জানালার সঙ্গে ফাঁস দেওয়ার মতো বাধা অবস্থায় তার লাশ পাওয়া যায়। তাকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।
.png)
বন্যা খাতুনের স্বামী নিজাম উদ্দিন জানান, তিনি নাটোরে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। সোমবার রাতে তিনি নাইট শিফটে কাজ করছিলেন। সকালে বাড়ি ফিরে দেখেন ঘরের জানালার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তার স্ত্রীর লাশ।
পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তার মৃত্যু অস্বাভাবিক লাগছে। ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা বোঝা যাবে।