বৃহস্পতিবার পাঁচদোনা-টঙ্গী সড়কের পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের চাকশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের কামারচর এলাকার একাব্বর মিয়ার ছেলে সিএনজি চালক মজিবুর রহমান, টাঙ্গাইলের দেলদুয়ার এলাকার শুক্কুর আলীর ছেলে আমির হামজা ও অজ্ঞাত দুইজন। তারা সবাই অটোরিকশাটির যাত্রী ছিলেন।
.png)
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে মুমূর্ষু অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস পাঁচদোনা-টঙ্গী সড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। অপর দিকে ঘোড়াশাল থেকে যাত্রী নিয়ে পাঁচদোনার দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশা। চাকশাল এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়।
মাধবদী থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন ঢাকায় নেয়ার পথে মারা যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।