রোববার বিকেলে সাঁড়াগোপালপুর মোড় থেকে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা সম্প্রীতির বন্ধন আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি টিপু সুলতান সড়ক প্রদক্ষিণ ও পথসভার মধ্যদিয়ে শেষ হয়।
সাঁড়াগোপাল মোড় ঘুরে দেখা যায়, গ্রামে রাস্তার দুপাশে ও রেললাইনের ধারে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজানো হয়েছে। বাসাবাড়ির দেওয়ালে শোভা পাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকার ছবি, বড় পর্দায় বিশ্বকাপের সবগুলো খেলা দেখার জন্য প্রজেক্টর, বিশাল প্যান্ডেল, প্যান্ডেলের পাশে চলছে বিশাল রান্নার আয়োজন। খিচুড়ি-মাংস রান্না চলছে।
.png)
সম্প্রীতি কমিটির আহ্বায়ক সেলিম সরদার বলেন, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরু হলে দুই দলে বিভক্ত হয়ে নানা বিতর্ক ও ছোট-খাটো সমস্যার সৃষ্টি হয়। এবার আমরা এসব থেকে দূরে থাকবো। এলাকার সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের সমর্থকরা যৌথভাবে একসঙ্গে বসে খেলা দেখার আয়োজন করেছি।
আরেকজন বলেন, গ্রামের সব মানুষ এবং দুই দলের সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে এ উদ্যোগে সহযোগিতা করছেন। আমরাও এ আয়োজন করতে পেরে আনন্দ অনুভব করছি। আনন্দময় এ আয়োজনে প্রায় এক হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে।