কিশোরীকে আপত্তিকর ছবি পাঠিয়ে হুমকি, যুবকের ৭ বছর জেল
চট্টগ্রামে কিশোরীর আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির মামলায় শচিন বড়ুয়া নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আবদুল হালিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শচিন বড়ুয়া রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের রতন কান্তি বড়ুয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, কৌশলে কিশোরীর আপত্তিকর ছবি সংগ্রহ করেন শচিন। পরে সেই ছবি তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ছবিটি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। এ ঘটনায় ২০২০ সালের ৫ মার্চ শচিনের নামে নগরের চকবাজার থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরী।
.png)
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোবিন্দ নারায়ন রায় জানান, সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত। রায়ে আসামিকে একটি ধারায় পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং অপর আরেকটি ধারায় দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দেড় বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।