ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশু ইমন হত্যায় ৫ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ২২ নভেম্বর ২০২২
শিশু ইমন হত্যায় ৫ জনের যাবজ্জীবন
ফাইল ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে ছয় বছর বয়সী ইমন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডিতরা হলেন- বেলকুচি উপজেলার চক মকিমপুর গ্রামের বাসিন্দা সোহেল, কাউছার, হীরন, আল আমিন ও ওসমান।

Advertisement

মামলার বিবরণ দিয়ে আদালতের এপিপি ওয়াজ করনী লকেট জানান, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি বিকেলে নিখোঁজ হয় বেলকুচির চর মকিমপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. চাঁন মিয়ার ছেলে ইমন। নিখোঁজের সাতদিন পর ২২ ফেব্রুয়ারি দুপুরে মাইঝাইল গ্রামের একটি বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই দিন বিকেলে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন নিহতের চাচা সানোয়ার হোসেন।

তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে যাবজ্জবীন কারাদণ্ড দেন বিচারক। এছাড়া আরেকটি ধারায় তাদের দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন আলহাজ ও গোলাম।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!