নদীর পাড়ে মিলল নিখোঁজ গৃহবধূর মরদেহ
মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর মৌসুমি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সদর উপজেলার উত্তর দুধখালী এলাকার নদীর পাড়ের বাগান থেকে মৌসুমির মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, ধর্ষণ শেষে তাকে হত্যা করা হয়েছে।
মৌসুমি আক্তার সদর উপজেলার দুধখালী ইউপির উওর দুধখালী গ্রামের মানিক হাওলারের মেয়ে ও একই এলাকার সৌদি প্রবাসী ইলিয়াস মীরার স্ত্রী।
.png)
স্বজনরা জানায়, বুধবার বিকেলে নিজ বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে একই গ্রামে দাদির বাড়ির উদ্দেশ্যে বের হয় মৌসুমি। দাদির সঙ্গে দেখা করে আর বাড়িতে ফিরে আসেনি সে। পরে খোঁজখুজি করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার দুইদিন পরে শুক্রবার বিকেলে স্থানীয় এক নারী নদীর পাড়ের বাগানে কাঠ কুড়াতে গেলে তার মরদেহ গলায় দড়ি পেচানো অবস্থায় দেখতে পান। পরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৌসুমির খালাত বোন তানজিলা আক্তার বলেন, আমার বোনকে ধর্ষণ শেষে হত্যা করে গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে দেয়া হয়েছে। নয়তো আত্মহত্যা করবে কেনো। তার দুটি ছোট ছোট বাচ্চা রয়েছে। আমি ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি জানা যাবে।