ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আর্জেন্টিনা সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ 

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ৭ ডিসেম্বর ২০২২
আর্জেন্টিনা সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ 
ছবি: সংগৃহীত

ভোলার সদর উপজেলার ধনিয়া ইউপির চেউয়াখালী গ্রামে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে মো. হৃদয় নামে এক তরুণ নিহত হয়েছেন। 

মঙ্গলবার রাত ৯টার দিকে সংঘর্ষে গুরুতর আহত হন। বুধবার ভোর ৫টার দিকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ছয়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হৃদয় উপজেলার ধনিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ভ্যানচালক ইব্রাহীম হোসেনের ছেলে।
 
ভোলা সদর থানার ওসি শাহীন ফকির বলেন, হৃদয়ের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ সংঘর্ষে আহত  সাতজনকে একই হাসপাতালে ভর্তি হয়েছেন।  

Advertisement

জানা যায়, ৩ ডিসেম্বর আর্জেন্টিনা–অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচের আগে চেউয়াখালী গ্রামের আর্জেন্টিনার সমর্থকেরা নুডলস খাওয়ার আয়োজন করেন। নুডলস খাওয়া নিয়ে আর্জেন্টিনা সমর্থক মো. আশিকের পক্ষের সঙ্গে মো. আকবরের (লাল্টু) পক্ষের কথা–কাটাকাটি হয়। এ সময় আশিক আকবরকে চড় মারেন। এ ঘটনা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে পড়ে ইয়ামিন নামের একজনের মাথা ফেটে যায়।

এ ঘটনার জেরে গতকাল রাত নয়টার দিকে ধনিয়ার চেউয়াখালী এলাকায় তাফসির মাহফিল চলাকালে আকবরের পক্ষ বহিরাগত যুবকদের নিয়ে এসে আশিকের পক্ষের ওপর হামলা করে। এ সময় দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়। সংঘর্ষে আশিকের পক্ষের তালহা, হৃদয়, আশিক, রুবেল এবং আকবরের পক্ষের আকবর, মহিউদ্দিন, নয়ন, শাহাবুদ্দিন ও অলি আহত হন। আহত ৭ জনকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় সংঘর্ষে আহত হয়ে পুকুরের পানিতে পড়ে ছিলেন। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর ভোররাতের দিকে তাকে অচেতন অবস্থায় পুকুরে পাওয়া যায়। তাকে আজ ভোর ৫টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। ভোর সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যান।

নিহত হৃদয়ের বাবা ইব্রাহীম মিয়া বলেন, ভ্যানগাড়ি চালিয়ে ছেলেকে বিএ পাস করিয়েছেন। আজ তার সব স্বপ্ন শেষ হয়ে গেল। তিনি এ হত্যাকাণ্ডের বিচার চান। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!