ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিচাপা দিয়ে হত্যাচেষ্টা, ১১ ঘণ্টা পরও নবজাতক জীবিত উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ১৬ ডিসেম্বর ২০২২
মাটিচাপা দিয়ে হত্যাচেষ্টা, ১১ ঘণ্টা পরও নবজাতক জীবিত উদ্ধার
ফাইল ছবি

নীলফামারীর জলঢাকায় সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে মাটিচাপা দেওয়ার ১১ ঘণ্টা পরে জীবিত উদ্ধার করেছে প্রতিবেশীরা। এ ঘটনায় ফজলে রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের ডাঙ্গাপাড়া আদর্শপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার এক বিধবার সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে আসছিলেন একই গ্রামের ফজলে রহমান। একপর্যায়ে ওই বিধবা অন্তঃসত্ত্বা হলে অনাগত সন্তানকে বার বার ওষুধের মাধ্যমে নষ্ট করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে নবজাতকটি ভূমিষ্ঠ হলে তাকে জীবন্ত মাটিচাপা দিয়ে হত্যার চেষ্টা করেন। কিন্তু তাতেও সফল হতে পারেননি তিনি। পরে মাটিচাপা দেওয়ার ১১ ঘণ্টা পর ওই নবজাতককে জীবিত উদ্ধার করা হয়।

Advertisement

ওই বিধবা বলেন, ফজলে রহমান প্রায় রাতেই আমার ঘরে ঢুকে জোর করে খারাপ কিছু করতেন। বুধবার রাতে বাচ্চা হওয়ার পর তিনি আমাকে মরা বাচ্চা হওয়ার কথা বলে বাড়ির পাশে মাটিচাপা দেন।

প্রতিবেশী নুর আমিন জানান, কানাঘুষা শুনে সকালে আমরা ওই বাড়িতে এলাকার কয়েকজন নারীসহ একত্রিত হই। সেখানে জানতে পারি গভীর রাতে বিধবার গর্ভে থাকা একটি অবৈধ ছেলে সন্তানের জন্ম হয়েছে। কিন্তু লোক লজ্জার ভয়ে বাড়ির পাশে নবজাতকটিকে গর্ত করে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে। পরে তার দেওয়া তথ্য মতে, ওই নবজাতককে গর্ত থেকে তুলে দেখি সে বেঁচে আছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।

জলঢাকা থানার এসআই স্বজল কুমার সরকার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফজলে নামে একজনকে গ্রেফতার করেছি। বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!