দেবিদ্বারে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লার দেবিদ্বারে ট্রাকচাপায় মো. আরিফুল ইসলাম ও ইমন মিয়া নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় জীবন চন্দ্র দাস নামে আরো একজন আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রোববার বিকেল ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম ও আহত জীবন চন্দ্র দাস চলতি বছরে দেবিদ্বার উপজেলার মোগসাইর এগারগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। আহত ইমন একই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। নিহত মো. আরিফুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়চো গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে এবং ইমন মিয়া দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের পোমকাড়া গ্রামের মো. মতিন মিয়ার ছেলে। এছাড়া আহত জীবন চন্দ্র দাস মোগসাইর গ্রামের দুলাল চন্দ্র দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরিফুল ইসলাম নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইরফান মিয়ার মৃত্যু হয়। জীবন চন্দ্র দাসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
দেবিদ্বার থানার ওসি বলেন, দুর্ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক আরিফ নিহত হন। অপর দুইজনকে আহত অবস্থায় কুমিল্লায় নেয়ার পথে ইমন মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকসহ চালক সুলেমান মিয়াকে আটক করা হয়েছে।