বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩৮ বছরের বাসু দেব একই উপজেলার ডেমাজানি পালপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।
আহতরা হলেন- রাসেল ও কালাম। এরমধ্যে রাসেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। আর কালামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
.png)
পুলিশ জানায়, বাসুদেবসহ তিনজন মোটরসাইকেলে করে বগুড়া শহর থেকে শাজাহানপুর উপজেলার মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় একই দিক থেকে আসা একটি ট্যাংকলরি তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলের তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়েন। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসুদেব নিহত হন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তার লাশ উদ্ধারে সহায়তা করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন সরকার বলেন, ট্যাংকলরিসহ চালকের সহকারীকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।