মাসুদুর রহমান জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার চর ধানাটা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মাসুদুর রহমান।
মাসুদুর জানান, আগামী ২৪ ফেব্রুয়ারি মিল্লি ভোজের দিন সরিষাবাড়ীতে তিনি মেসি, ডি মারিয়াসহ আর্জেন্টিনা ফুটবল দল, বাংলাদেশের ক্রিকেট দলের মাশরাফি এবং সাকিব আল হাসানকেও আমন্ত্রণ জানাবেন।
.png)
স্থানীয়রা জানায়, মাসুদ আর্জেন্টিনা ফুটবল দলের ঘোর সমর্থক। মেসি তার পছন্দের খেলোয়াড়। গত ১৮ নভেম্বর ১ হাজার ৬০ ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা বানিয়ে শোভাযাত্রাও করেন। শোভাযাত্রা শেষে ঘোষণা দেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে গরু জবাই করে মিল্লি ভোজ দেবেন। বিশ্বকাপ শুরুর আগে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে স্থানীয় আরামনগর বাজার থেকে পৌরসভা, শিল্পকলা, ডাক বাংলোর শেষ পর্যন্ত ১ হাজার ৬০ ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা টানান মাসুদ। উদ্বোধনী ম্যাচসহ আর্জেন্টিনার প্রতিটি খেলা উপভোগের জন্য নিজ খরচে বড় পর্দার ব্যবস্থা, আর্জেন্টিনার প্রতিটি খেলায় খিচুড়ি, বিরিয়ানি ও মিল্লি ভোজনের আয়োজন করেন তিনি। মাসুদের দাবি, এতে তার অন্তত সাড়ে ৩ লাখ টাকা খরচ হয়। গত ১৮ ডিসেম্বর রাতে আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনালে দেড় হাজার আর্জেন্টিনা সমর্থককে খিচুড়ি খাওয়ানোর পাশাপাশি বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেন। এতে লক্ষাধিক টাকা খরচ হয়েছে বলে দাবি মাসুদের।

শুক্রবার দুপুরে মাসুদুর রহমান বলেন, দীর্ঘ ৩৬ বছর পর কাপ নিয়েছে আর্জেন্টিনা , এতে আমি আনন্দিত। পাঁচটি গরু জবাই দিয়ে জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভোজের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটি আগামী ২৪ ফেব্রুয়ারি আয়োজন করা হবে। এ ছাড়াও পাঁচটি ছাগলও জবাই হবে। এ ব্যবস্থা সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য। সব মিলিয়ে প্রায় ১০-১৫ হাজার মানুষ এ মিল্লি ভোজন করতে পারবেন।
জানা যায়, মিল্লি জামালপুর জেলার একটি ঐতিহ্যবাহী খাবার। এই এলাকার সবচেয়ে সুস্বাদু আর জনপ্রিয় খাবারের নামই মিল্লি। মিল্লি তৈরিতে উপকরণ হিসেবে গরু, খাসি অথবা মহিষের মাংস, চালের গুঁড়া, আলু, পেঁয়াজ, রসুন, আদা, জিরাসহ নানা প্রকার মসলার ব্যবহার হয়।
সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান,মাসুদ আর্জেন্টিনার বড় মাপের একটি পতাকা টানিয়েছিল। এছাড়া প্রতিটি খেলার দিন তিনি বড় ধরনের আয়োজন করে। সেখানে আর্জেন্টিনার সমর্থকরা অংশ নেন। এছাড়া মাসুদের মিল্লি ভোজের আয়োজন সফল করতে নিরাপত্তা দেবে পুলিশ।