শনিবার দুপুর ১২টার দিকে রামগড় পৌরসভার সদুকার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভুয়া চক্ষু শিবির চলাকালীন সময়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, গোলাম মহিউদ্দিন চৌধুরী সোহেল (৪২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের মতিউর রহমানের ছেলে এবং তার সহযোগী মো. উজ্জল খান (৪২) নেত্রকোণা সদরের মালনী গ্রামের মো. রমজান খানের ছেলে।
.png)
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালের নামে বিশেষজ্ঞ ডাক্তারের নাম ব্যবহার করে বিভিন্ন স্কুল মাদরাসায় চক্ষু শিবির ক্যাম্প পরিচালনা করে আসছিলেন। এর আগে ক্যাম্প এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়। প্রচারপত্রে এবং প্রেসক্রিপশন প্যাডে বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও ‘বিশেষজ্ঞ’ পদবী ব্যবহার, অনুমতিবিহীন চক্ষু শিবির পরিচালনা, রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং যে হাসপাতালে তারা কর্মরত নয় সে সব হাসপাতালের ঠিকানা ব্যবহার করে প্রচারণা চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস জানান, বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ (১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের দুইজনকে এক লাখ করে দুই লাখ টাকা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাপস চৌধুরী, রামগড় থানার এসআই মাঝহারুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।