পোলাও স্বাদ না হওয়ায় মাকে পেটানোর পর বাবাকে খুন
নরসিংদীর বেলাবোতে পোলাও স্বাদ না হওয়ায় মাকে পেটানোর পর ৮২ বছর বয়সী বাবাকে হত্যা করেছেন ছেলে।
রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আলফেজ ফেসানিকে আটক করেছে পুলিশ।
নিহত অছিমউদ্দিন ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর নাম রহিমা বেগম। রহিমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আলফেজ। রোববার রাতে বাড়ির পাশে তালুকদার বাড়িতে ওয়াজ চলছিল। এ কারণে বাড়িতে কেউ ছিলেন না। রাত সোয়া ১২টার দিকে ঘরে মা-বাবার সঙ্গে পোলাও খেতে বসেন তিনি। পোলাও মজা হয়নি বলে লাঠি দিয়ে মাকে পেটাতে থাকেন ছেলে। বাধা দিলে বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বাবা মারা যান।
বেলাবো থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় ভাই আলফেজ ফেসানির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহতের মেয়ে তাপসী আক্তার। ওই মামলায় ছেলেকে গ্রেফতার দেখানো হয়েছে।