ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রী মারিয়ার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রেমিক মেহেদী

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ১০ জানুয়ারি ২০২৩
স্কুলছাত্রী মারিয়ার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রেমিক মেহেদী
ফাইল ছবি

যশোরের ঝিকরগাছায় স্কুলছাত্রী মারিয়া খাতুন আত্মহত্যা প্ররোচণার মামলায় প্রেমিক মেহেদী হাসানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত শেষে সম্প্রতি আদালতে এ চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন কুমার বিশ্বাস।

অভিযুক্ত মেহেদী হাসান ঝিকরগাছার কাশিপুর গ্রামের রুহুল কুদ্দুস ওরফে বেড় খোকনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, মারিয়া খাতুন উপজেলার কাশিপুর জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। আসামি মেহেদী হাসান একই স্কুলের ছাত্র। মেহেদী হাসান ফুসলিয়ে মারিয়া খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিভিন্ন সময় তার থেকে ৮ হাজার টাকা নেয়। মেহেদী আরও টাকা দাবি করে ও মারিয়ার সঙ্গে মোবাইলে কথোপকথনের রেকর্ড বাড়ির লোকজনকে দিয়ে দেওয়ার ভয় দেখায়। ভয় পেয়ে মারিয়া বোনের গহনা চুরি করে মেহেদীকে দেয়। বিষয়টি জানাজানির পর গহনা ও টাকা ফেরত চাইলে না দিয়ে ঘোরাতে থাকে। একপর্যায়ে মেহেদী হাসান মারিয়াকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বলে। মেহেদীর চাপে পড়ে ২০২২ সালের ২৩ আগস্ট ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মারিয়া।

Advertisement

এ ব্যাপারে মারিয়া খাতুনের পিতা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে ঝিকরগাছা থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন কুমার বিশ্বাস জানান, ঝিকরগাছার কাশিপুর গ্রামের রুহুল কুদ্দুস ওরফে বেড় খোকনের ছেলে মেহেদী হাসানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!