বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌলী উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন একই এলাকার আক্কেল আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, পৌলী এলাকায় আজাহার মিয়ার ছেলে বাবুল মণ্ডলের সঙ্গে পার্শ্ববর্তী স্বরপপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ের বিয়ে হয়। বুধবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় বাবুলের। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাদের বাড়িতে যান বাবুলের শ্বশুর আব্দুল বারেক, শাশুড়ি আনোয়ারা বেগম ও মামা শ্বশুর আফসার।
.png)
এ সময় ঘরে বসে খাবার খাচ্ছিলেন বাবুল। একপর্যায়ে তাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন শাশুড়ি আনোয়ারা বেগম। পরে তার চিৎকারে এগিয়ে আসেন চাচাতো ভাই আবুল হোসেন। একপর্যায়ে তাকেও লাঠি দিয়ে পেটাতে থাকেন তিনি। এতে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
স্থানীয় কাউন্সিলর শুকুমার ঘোষ বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে মারামারি হয়। এতে এগিয়ে গেলে আবুল হোসেনও আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
কালিহাতী থানার এসআই রাজু আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে। ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।