ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ১৬ জানুয়ারি ২০২৩
মেহেরপুরে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
ফাইল ফটো

মেহেরপুরে বোমা হামলা এবং হত্যা মামলায় আছিম উদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আছিম উদ্দিন মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের পাতান শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৯ এপ্রিল রাতে মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামে ১০ থেকে ১৫ জনের এক দল সন্ত্রাসী রামদা, হাঁসুয়া ও বোমা নিয়ে আলিফ হোসেনের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী সামিনা খাতুনের কাছ থেকে ঘুমন্ত ছেলে আতাউর রহমানকে অপহরণ করে। এ সময় সামিনার চিৎকারে তার ভাই আব্দুস সামাদ এবং আব্দুল হালিমসহ অন্যান্যরা সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করেন। পরে সন্ত্রাসীরা প্রতিরোধকারীদের রুখতে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

Advertisement

সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতে আব্দুল হালিম মারাত্মক আহত হন। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় আছিম উদ্দিন, জামাত আলী, কালু ও মিয়াদুলকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১১ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি আছিম উদ্দিন সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামি আছিম উদ্দিন পলাতক। তাকে আটকের দিন থেকে সাজা শুরু হবে। মামলার অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামির পক্ষের কৌঁসুলি ছিলেন অ্যাডভোকেট আরিফুজ্জামান।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!