ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নাটোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ২
নাটোরে পৃথক স্থান থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের বড়াইগ্রাম বনপাড়া বাজার ও লালপুর উপজেলার চকবাদেকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, লালপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মো. মোজাহার আলীর ছেলে মো. বজলুর রহমান (৪৫) এবং লালপুর উপজেলার রামকৃষ্ণপুর (চিনির বটতলা) গ্রামের মো. মিন্নাত ইসলামের ছেলে মো. সবুজ ইসলাম (১৯)।
র্যাব-৫ জানায়, সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার ও লালপুরের চকবাদেকুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার এলাকা থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। পরে লালপুর উপজেলার চকবাদেকুল এলাকায় অভিযান চালিয়ে ২৯০ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক কেনাবেচা করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
র্যাব-৫ আরো জানায়, এ ঘটনায় লালপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।