ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূকে হত্যা, ২ প্রেমিকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ১৭ জানুয়ারি ২০২৩
গৃহবধূকে হত্যা, ২ প্রেমিকের যাবজ্জীবন
ফাইল ফটো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূ হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. নুর ইসলাম এবং একই গ্রামের হানিফ আলীর ছেলে মো. শফিকুল ইসলাম।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

জানা যায়, উল্লাপাড়ার এনায়েতপুর গ্রামের মো. রেজাউল করিমের সঙ্গে ঘাটিনা মধ্যপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে সেতু খাতুনের বিয়ে হয়। এর কিছুদিন পর তাদের বিচ্ছেদ হয়। এরপর সেতু খাতুন উপজেলার বেতকান্দি গ্রামের বাক প্রতিবন্ধী মো. শিপন কারীকে দ্বিতীয় বিয়ে করেন। তবে সেতুর দ্বিতীয় বিয়ের আগেই একইসঙ্গে আসামি নুর ইসলাম এবং শফিকুল ইসলামের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠেছিল।

নুর ইসলাম ও শফিকুল ইসলাম ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাতে সেতু খাতুনের স্বামীর বাড়িতে গিয়ে সেতুকে নিয়ে উল্লাপাড়ার ঘাটিনা ব্রিজের পশ্চিম পাশে যান। এ সময় শফিকুল ও নুর ইসলাম তার সঙ্গে অবৈধ মেলামেশা করতে চাইলে সেতু বাধা দিয়ে দুইজনের মধ্যে একজনকে তাকে বিয়ে করার কথা বলেন। একইসঙ্গে বিয়ে না করলে সেতু তাদের বাড়িতে গিয়ে জানিয়ে দেওয়ার কথা বলেন। এতে নুর ও শফিকুল নিজেদের অবৈধ কর্মকাণ্ড ফাঁস হওয়ার ভয়ে সেতুকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এর একদিন পরে সেতুর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আজ আসামি নুর ও শফিকুলের উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল জানান, রায় ঘোষণার পর তাদেরকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!