ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্যাতন সইতে না পেরে দুই সন্তানসহ মায়ের বিষপান

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ১৮ জানুয়ারি ২০২৩
নির্যাতন সইতে না পেরে দুই সন্তানসহ মায়ের বিষপান
ফাইল ছবি

স্বামীর দ্বিতীয় দিয়ের পর থেকে চলে আসা অমানবিক নির্যাতন সাইতে না পেরে নড়াইলে দুই সন্তানসহ আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালীতে এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর থেকে স্বামী মিঠু শেখ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পলাতক রয়েছেন।

প্রতিবেশীরা জানান, নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার ভাড়াটিয়া মিঠু শেখ সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে তার স্ত্রী শিউলি বেগমের (৩২) তেমন খোঁজখবর রাখতেন না। দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী শিউলি ও তার দুই সন্তানের ভরণপোষণ দিচ্ছিলেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। 

Advertisement

এরই জের ধরে বুধবার সকালে মিঠু তার স্ত্রী শিউলিকে বেদম মারধর করেন। নির্যাতন সহ্য করতে না পেরে দুই সন্তানসহ মা শিউলি বেগম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে দুই সন্তানকে জুসের মধ্যে বিষপান করিয়ে পরে নিজে বিষপান করেন।

মিঠুর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি নড়াইল শহরে হোটেলে কাজ করেন। আর স্ত্রী শিউলির বাবার বাড়ি নরসিংদী জেলায়। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রীসহ মিঠু পলাতক রয়েছেন। 

ভাড়াটিয়া প্রতিবেশীরা আরো জানান, ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু সন্তান রাব্বিকে (৭) স্কুল থেকে ডেকে এনে মা শিউলি বেগম তাকে এবং ছোট বোন ইলমাকে (৪) জুসের সঙ্গে বিষপান করান। আশঙ্কাজনক অবস্থায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। এরমধ্যে বুধবার বিকেল পর্যন্ত ছেলে রাব্বির জ্ঞান ফিরলেও বোন ইলমা ও মায়ের জ্ঞান ফেরেনি।

শিউলির শাশুড়ি জানান, তার ছেলে ও বৌমা ঢাকায় থাকতেন। চার বছর আগে নড়াইলে চলে এসেছেন। ছেলে দ্বিতীয় বিয়ে করার পর নাতি-নাতনি ও বৌমা তার কাছেই থাকতেন। এরমধ্যে এমন একটা ঘটনা মেনে নিতে পারছেন না।

এ ব্যাপারে সদর থানার ওসি মাহমুদুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!