ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘ছারপোকার ওষুধে’ নিথর হলেন দুই বোন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ১৯ জানুয়ারি ২০২৩
‘ছারপোকার ওষুধে’ নিথর হলেন দুই বোন
ফাইল ছবি

চট্টগ্রামে ছারপোকার ওষুধে বিষক্রিয়ায় একসঙ্গে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বন্দরটিলা এলাকার মো. ইদ্রিস আলীর মেয়ে ২৪ বছর বয়সী রাহিমা আক্তার ও ছোট মেয়ে ১৬ বছরের ফজিলা আক্তার।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদেকুর রহমান বলেন, বিকেলে দুই বোনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অজ্ঞাত কারণে দুই বোনের বিষপানে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

মৃতদের বোন নাজমা আক্তার বলেন, বুধবার ছারপোকার ওষুধ দেওয়া হয়েছিল ঘরে। এসব ওষুধে বিষক্রিয়া হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইপিজেড থানার ওসি আব্দুল করিম বলেন, ছারপোকার ওষুধে বিষক্রিয়া হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন মৃতদের স্বজনরা। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেশী মেহেদী হাসান বলেন, পোশাক কারখানায় কাজ করতেন ওই দুই বোন। এর মধ্যে রহিমা বিবাহিত ছিলেন। তার স্বামী মো. মনির সৌদি আরবে থাকেন। তার পাঁচ বছরের সন্তান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!