আহত যুবক সুজন ভরানীপুর গ্রামের সাইদুরের ছেলে।
পাওনাদার একই গ্রামের যুবক নয়ন হোসেনের ছুরিকাঘাতে আহত সুজনকে স্থানীয় কয়েকজন উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে রাণীনগর উপজেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেন।
.png)
চিকিৎসকরা জানান, ছুরিকাঘাতের কারণে ওই যুবকের হাতে ও পিঠে দুই স্থানে গভীর ক্ষত হয়। ক্ষতের স্থানে ৪ থেকে ৫টি সেলাই দিতে হয়েছে।
আহত যুবক মো. সুজন জানান, গত ৪ দিন আগে একই গ্রামের ওম্বর হোসেনের ছেলে নয়নের কাছ থেকে ৪০০ টাকা ধার হিসেবে নিই। আমার কাছে টাকা না থাকায় তাকে টাকাটা ফেরত দিতে পারিনি। রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে কৃষি কাজের সন্ধানে বাজারের দিকে যাচ্ছিলাম। ভবানীপুর মাস্টারপাড়া এলাকায় পৌঁছালে নয়নের সঙ্গে দেখা হয়। সেখানে নয়ন আমার থেকে ধারের ৪০০ টাকা ফেরত চাইলে আমি কয়েকদিন পর দিতে চাই। এ সময় নয়ন ক্ষিপ্ত হয়ে আমাকে টিপচাকু দিয়ে হাতে ও পিঠে ছুরিকাঘাত করে। এতে আমি গুরুতর আহত হই।
এ বিষয়ে অভিযুক্ত পাওনাদার নয়ন হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত ভুক্তভোগী এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।