ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভৈরবে ভূমি অফিসে ঘুষ দাবি, একজনের দণ্ড
কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা ভূমি অফিসে জোনায়েদ (২৪) নামে এক দালালকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত জোনায়েদ উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের আনার মিয়ার ছেলে।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া টাকা অনাদায়ে আরও তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সোমবার এ ঘটনার পর মামলার বাদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেনের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, পৌর শহরের ভৈরবপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে মহিবুল হাসান রনি তার সম্পত্তি সংক্রান্ত দখলীয় বিষয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ নিয়ে তিনি কিশোরগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলার ঘটনা তদন্ত করতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ করেন। আদালতের আদেশে ভূমি অফিসের সার্ভেয়ার আবুল খায়ের গত বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে বাদী মহিবুলকে অফিসে দেখা করতে বলেন। রোববার বাদী তার সঙ্গে অফিসে দেখা করলে তিনি দালাল জোনায়েদের সঙ্গে তদন্ত রিপোর্টের বিষয়ে কথা বলতে বলেন।
পরে দালাল জোনায়েদ বাদীর কাছে সার্ভেয়ারের কথা বলে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ সময় তিনি টাকা দিতে অস্বীকার করেন। পরে বাদী মহিবুল সোমবার দুপুরে ভূমি অফিসে দালাল জোনায়েদকে আটক করে সহকারী কমিশনার (ভূমি) এর নিকট হস্তান্তর করেন। অভিযুক্ত জোনায়েদ ঘটনার কথা স্বীকার করে ভুল করেছেন বলে ভ্রাম্যমাণ আদালতে ক্ষমা চেয়েছেন।
বাদী মহিবুল হাসান রনি বলেন, আমার ভূমির দখল ফিরে পেতে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছি আদালতে। এ ঘটনা তদন্ত করতে আদালত নির্দেশ দিয়েছে। তদন্তের রিপোর্ট দিতে সার্ভেয়ার আবুল খায়ের দালালের মাধ্যমে আমার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ কারণে তাকে আটক করে অভিযোগ দিয়েছি।
সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ জানান, লিখিত অভিযোগ পেয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ডসহ ৩ হাজার টাকা অর্থদণ্ড করেছি। সার্ভেয়ারের বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা গ্রহণ করবো বলেও জানান তিনি।