ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে সড়কে ঝরলো শিশুসহ ২ জনের প্রাণ

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ১ ফেব্রুয়ারি ২০২৩
রংপুরে সড়কে ঝরলো শিশুসহ ২ জনের প্রাণ
ফাইল ছবি

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। বুধবার সকালে রংপুর নগরীর ক্যান্টনমেন্ট চেকপোস্ট ও রংপুর-হারাগাছ সড়কে এসব ঘটনা ঘটে।

নিহত নামিরা আমিন মাইরা বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্লে শ্রেণিতে (ইংলিশ ভার্সন) অধ্যায়নরত ছিল। সে নগরীর আরকে রোড ধাপ ইসলামবাগ এলাকার রাসেল আহমেদ ও মনিরা খাতুন দম্পতির সন্তান।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রাস্তা পারাপারের সময় ক্যান্টনমেন্ট চেকপোস্ট মোড় মসজিদের সামনে একটি বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স শিশু মাইরাকে চাপা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

অন্যদিকে, রংপুর-হারাগাছ সড়কের শহীদ ভাটা এলাকায় বালুভর্তি ড্রামট্রাকের চাপায় রাবেয়া বেগম নামে এক পথচারী নিহত হন। নিহত রাবেয়া রংপুর সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তপোধন শহীদ আবাসন এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলামের স্ত্রী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন হারাগাছ থানার এসআই কবির হোসেন জানান, সকাল ৭টার দিকে ওই নারী হারাগাছ-রংপুর সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বালুভর্তি একটি ড্রামট্রাক রংপুর শহরে যাওয়ার পথে একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। এ সময় ট্রাকটি রাস্তার পাশে থাকা ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাবেয়া বেগমের মৃত্যু হয়।

এ ব্যাপারে হারাগাছ থানার ওসি রেজাউল করিম বলেন, ট্রাক ও তার চালককে আটক করা যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!