রোববার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রাম থেকে লাশটি তার উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- শাহাদাত হোসেন ও জাকির হোসেন।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার দোকনঘর এলাকার ফজলু বেপারীর ছেলে সোহেল বেপারী গত ১ ফেব্রুয়ারি নিখোঁজ হন। তার স্ত্রী জোসনা বেগম রোববার সকালে চাঁদপুর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। এর পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোহেলের বন্ধু শাহাদাত হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বিকেলে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের বাইক্কার বাগানের পাশ থেকে পুঁতে রাখা সোহেলের লাশ উদ্ধার করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার উপস্থিতি ছিলেন।
.png)
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার জানান, আটককৃত শাহাদাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, গত ১ ফেব্রুয়ারি রাতে শাহাদাত হোসেন, জাকির হোসেন, কাদের ও কাউসার সোহেলের সঙ্গে নিয়ে সকদিরামপুর বাইক্কার বাগানে ভুক্তভোগীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে সকদিরামপুর বড় পাটোয়ারী বাড়ির পেছনে জঙ্গলের পাশে ড্রেনের মধ্যে মাটি খুঁড়ে সোহেলের নিথর দেহ পুঁতে রাখেন।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান জানান, চাঁদপুর সদর থানায় নিহত সোহেলের স্ত্রীর জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোহেলের বন্ধু শাহাদাতকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে চাঁদপুর মডেল ও ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। এছাড়া এ ঘটনায় শাহাদাত ছাড়াও জাকির নামে আরো একজনকে আটক করা হয়।