ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এইচএসসিতেও যমজ ভাইয়ের জিপিএ-৫

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ৯ ফেব্রুয়ারি ২০২৩
এইচএসসিতেও যমজ ভাইয়ের জিপিএ-৫
রূপম মাহমুদ ও রিদম মাহমুদ

যমজ ভাই রূপম মাহমুদ ও রিদম মাহমুদ। বাবা মারা গেছেন ২০১৯ সালে। কিন্তু বাবার স্বপ্ন ছিল  তাদের চিকিৎসক বানাবেন। তার স্বপ্ন পূরণে চেষ্টা করছেন তারা। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন দুজনই। শুধু তাই নয়, এইচএসসি পরীক্ষায় পেয়েছেন গোল্ডেন জিপিএ-৫।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার  ভূঞাগাঁতী এলাকার আব্দুল মালেক সরদার ও আমিনা খাতুন দম্পতির ছেলে রূপম ও রিদম। ২০১৯ সালের আগস্ট মাসে তাদের বাবা আব্দুল মালেক সরদার মারা যান। এর আগে এসএসসি ও জেএসসি পরীক্ষায় গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিলেন তারা। 

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সিরাজুল হক। তিনি বলেন, রূপম মাহমুদ ও রিদম মাহমুদ দুই ভাই। তারা এ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন।

Advertisement

রূপম ও রিদম বলেন, আনন্দের এ দিনে বাবার কথা খুব মনে পড়ছে। বাবার স্বপ্ন ছিল আমাদের চিকিৎসক বানাবেন। তার স্বপ্ন পূরণে চেষ্টা করে যাচ্ছি আমরা। মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছি। আমাদের জন্য দোয়া করবেন। 

রূপম ও রিদমের মা আমিনা খাতুন বলেন, স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়েই বাঁচার স্বপ্ন দেখছি। ওরা মানুষ হলে স্বামীর রেখে যাওয়া স্বপ্ন পূরণ করতে পারবো। আমার ছেলেদের জন্য দোয়া করবেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!