ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে চার মাসে ৩২ হত্যাকাণ্ড

ফরিদুল আলম শাহীন, কক্সবাজার
প্রকাশিত: ১৫:২৮, ১৩ মার্চ ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে চার মাসে ৩২ হত্যাকাণ্ড
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে হত্যাকাণ্ড। গত চার মাসে রোহিঙ্গা ক্যাম্পে ৩২টি হত্যাকাণ্ড ঘটেছে। এই সময়ে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে অন্তত দুই শতাধিক রোহিঙ্গা।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয়েছেন রোহিঙ্গা নেতারা। এছাড়া মারামারি, অপহরণ, আধিপত্য বিস্তার, মাদক পাচার, আগুন সন্ত্রাসসহ নানা অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা।

রোহিঙ্গারা জানায়, মাদক কারবার ও আধিপত্য বিস্তার নিয়েই সংঘটিত হয়েছে বেশিরভাগ হত্যাকাণ্ড। সবশেষ গত ৮ মার্চ সকালে উখিয়ার কুতুপালং-২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে একটি চায়ের দোকানের সামনে সৈয়দ হোসেন নামে এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করা হয়।

Advertisement

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, কুতুপালং-২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের একটি চায়ের দোকানে কয়েকজন রোহিঙ্গার সঙ্গে নাশতা করছিলেন ক্যাম্প মাঝি সৈয়দ হোসেন। এ সময় ২০-২৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী তাকে দোকান থেকে টেনে বের করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এর আগে, গত ৬ মার্চ রাতে উখিয়ার ৯ নম্বর ক্যাম্পের সি-ব্লকে দুর্বৃত্তের গুলিতে খুন হন নুর হাবিব ওরফে ডাক্তার ওয়াক্কাস নামে এক রোহিঙ্গা নেতা। গত ৩ মার্চ ১৯ নম্বর ক্যাম্পের এ-ব্লকে মোহাম্মদ রফিক নামে এক যুবককে গুলি করে হত্যা করে রোহিঙ্গা দুর্বৃত্তরা।

গত চার মাসের কম সময়ে ক্যাম্পে ৬ রোহিঙ্গা নেতা, নারীসহ খুন হয়েছে ৩২ জন। এছাড়া পৃথক ঘটনায় দুই শিশুসহ গুলিবিদ্ধ হয়েছে সাতজন। এই সময়ের মধ্যে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে অন্তত দুই শতাধিক রোহিঙ্গা।

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, গত দুই মাসে বিভিন্ন অপরাধে দুই জঙ্গি, আরসা সদস্যসহ ৩৭ জনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!