বুধবার ভোরে ভোলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ তজুমদ্দিন উপজেলা সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাপড়ি গ্রামের মো. মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত মাতৃজগৎ পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, মঙ্গলবার রাতে ভোলা সদর হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন শুভর স্ত্রী। তখন তার স্ত্রীর জন্য রক্তের প্রয়োজন হওয়ায় একজন রক্তদাতাকে হাসপাতালে নিয়ে আসেন। রক্ত দেওয়া শেষে ওই রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিতে যান তিনি। পরে হাসপাতালে ফেরার পথে একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহিন ফকির জানান, মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।