ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গামছা পেঁচিয়ে চালককে হত্যার পর ভ্যান ছিনতাই

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ১৯ মার্চ ২০২৩
গামছা পেঁচিয়ে চালককে হত্যার পর ভ্যান ছিনতাই
ফাইল ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলায় তৈয়ব আলী নামে এক চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আদমদীঘি থানার ওসি মো. রেজাউল করিম রেজা।

এর আগে, এদিন দুপুরে ভ্যানচালকের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। উপজেলার কোশাবাড়ি গ্রামের নাগর নদীরপাড় থেকে তৈয়বের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।

নিহত ৬৫ বছরের তৈয়ব আলী একই উপজেলার তারতা গ্রামের বাসিন্দা। 

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার সন্ধ্যায় অটোভ্যানে দুজন যাত্রী নিয়ে উপজেলার কুন্দগ্রাম বাজার থেকে রওনা দেন তৈয়ব। এরপর থেকে তার আর হদিস পাওয়া যায়নি। পরদিন সকালে নাগর নদীর পাড়ে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। যাত্রীবেশে দুইজন ছিনতাইকারী তার ভ্যানে ওঠে। পরে নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়। তার ভ্যান এখনো উদ্ধার করা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!