ছাত্রীদের উত্যক্ত করায় টিসি, প্রধান শিক্ষককে কোপালো বহিষ্কৃত ছাত্র
মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে এক বহিষ্কৃত ছাত্র ও তার সহযোগীরা।
রোববার দুপুর ১২টার দিকে বালিরটেক বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত প্রধান শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।
খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফতাব উদ্দিন জানান, দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষক মিজানুর রহমান স্কুলে যাওয়ার জন্য বালিরটেক বাজারে আসেন। এ সময় স্কুলের বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদ ও তার সহযোগীরা প্রধান শিক্ষককে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে পালিয়ে যায়। প্রধান শিক্ষককে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।
তিনি আরো জানান, রাজু আহমেদ স্কুলের ছাত্রীদের উত্যক্ত করতো। এ নিয়ে তাকে সাবধান করা হলেও সে সংশোধন হয়নি। ২০২২ সালে রাজু আহমেদকে ৯ম শ্রেণিতে পড়ার সময় স্কুল থেকে বহিষ্কার করা হয়।
সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, এ ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।